ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন (জিএসএ) মনোনীত প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভয়ভীতি প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বাড়ছে। তবে পেশীশক্তি বা অর্থের প্রভাব দিয়ে ভোটারদের সঠিক সিদ্ধান্ত থেকে বিরত রাখা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইস্কাটন, বাংলামোটর ও এজি চার্চ-সংলগ্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
জিএসএ প্রার্থী প্রত্যাশা করে বলেন, ঢাকা-১২ আসনের ভোটাররা মাথাল মার্কায় ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করবেন। ভোটারদের বাধাহীন ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতেও অনুরোধ করেন তিনি।
এ সময় তার সঙ্গে গণসংহতি আন্দোলনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় ভোটাররা তার নির্বাচনি প্রচারণা ও ইশতেহারের প্রশংসা করেন এবং নির্বাচিত হলে প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
এদিকে, আগামী ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে ঢাকা-১২ আসনের ছয়টি ওয়ার্ডে চূড়ান্ত গণসংযোগ করবেন বলে তার নির্বাচনি কার্যালয় পক্ষ থেকে জানানো হয়েছে।
সময়ের আলো/আরবিএন/এসকে/