সম্প্রতি মার্কিন সরকারের প্রকাশ করা কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এবার মুখ খুললেন তিব্বতের বৌদ্ধধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা দালাই লামা। তার কার্যালয় থেকে জানানো হয়েছে, এপস্টেইনের সঙ্গে দালাই লামার কখনও সাক্ষাৎ হয়নি।
রোববার (৮ ফেব্রুয়ারি) দালাই লামার কার্যালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।
গত মাসে এপস্টেইন-সংশ্লিষ্ট নথির সর্বশেষ দফা প্রকাশিত তদন্তে পাওয়া ৩০ লাখের বেশি নথি, ছবি ও ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে তিব্বতের বৌদ্ধধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা দালাই লামার নামও অন্তর্ভুক্ত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দালাই লামার কার্যালয় জানিয়েছে, এপস্টেইন ফাইলস নিয়ে সাম্প্রতিক কিছু সংবাদ, প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দালাই লামার সঙ্গে জেফ্রি এপস্টেইনের যোগসূত্র তৈরি করার চেষ্টা করছে। আমরা দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করছি, দালাই লামার সঙ্গে জেফ্রি এপস্টেইনের কখনও দেখা হয়নি এবং দালাই লামার পক্ষ থেকে কেউ এ ধরনের কোনও সাক্ষাৎ বা যোগাযোগের অনুমতিও পাননি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির অনুসন্ধানে দেখা গেছে, এপস্টেইন-সংশ্লিষ্ট নথিতে দালাই লামার নাম ১৫০ বারের বেশি উল্লেখ আছে। তবে কোথাও তার সঙ্গে এপস্টেইনের সাক্ষাৎ বা যোগাযোগের কোনো তথ্য নেই। এপস্টেইন ফাইলসে কারো নাম থাকা মাত্রই সেই ব্যক্তির কোনো অনিয়মে জড়িত থাকার ইঙ্গিত দেয় না।
উল্লেখ্য, জেফ্রি এপস্টেইন ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক শিশু ও কিশোরীদের যৌনতায় প্রলুব্ধ করার দায়ে দোষী সাব্যস্ত হন। ২০১৯ সালে যৌন পাচারের অভিযোগে কারাগারে থাকা অবস্থায় তিনি আত্মহত্যা করেন। যুক্তরাষ্ট্রে প্রকাশিত সর্বশেষ নথিতে এপস্টেইনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একাধিক উচ্চপর্যায়ের ব্যক্তির নাম উঠে এসেছে। এর মধ্যে কেউ কেউ পদত্যাগ করেছেন, কেউ সরকারি তদন্তের মুখে পড়েছেন, আবার কেউ জনসমক্ষে প্রশ্নের সম্মুখীন হয়েছেন।
সময়ের আলো/কেএইচও