মানবাধিকার রক্ষায় আপসহীন কণ্ঠস্বর হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির জন্য আবারও কঠোর বার্তা দিল দেশটির বিচারব্যবস্থা। সরকারবিরোধী তৎপরতার অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত।
রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় এ রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছেন নার্গিস মোহাম্মাদির আইনজীবী মোস্তাফা নিলি।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশ’-এর অভিযোগে এই সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে নার্গিসের ওপর দুই বছরের জন্য দেশত্যাগ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
এছাড়া রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে আদালত তাকে আরও দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন। শুধু তাই নয়, শাস্তির অংশ হিসেবে তাকে দুই বছরের জন্য ইরানের পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
এর আগে গত ১২ ডিসেম্বর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ইরানের নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা নার্গিস মোহাম্মাদিকে আটক করে। দীর্ঘদিন ধরেই তিনি দেশটির নারীদের অধিকার, মৃত্যুদণ্ড বাতিল এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন- যার জের ধরেই একের পর এক মামলার মুখে পড়েন তিনি।
২০২৩ সালে বিশ্বশান্তি ও মানবাধিকারে অবদানের স্বীকৃতি হিসেবে নার্গিস মোহাম্মাদি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। তবে সেই সম্মাননা পাওয়ার পরও তার জীবনের বাস্তবতা বদলায়নি। গত দুই দশকের বড় একটি সময় তাকে কাটাতে হয়েছে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে।
বিশ্লেষকদের মতে, নোবেলজয়ীর বিরুদ্ধে এই রায় ইরানে ভিন্নমত দমনের চিত্রকেই আরও স্পষ্ট করে তুলেছে। মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে, এই সাজা দেশটির ভেতরে মতপ্রকাশের স্বাধীনতা আরও সংকুচিত করবে।
এএডি/