কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের সামিয়া নিঝুম(২০) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় কুষ্টিয়া সদর থানাধীন হাউজিং ই-ব্লক এলাকার ৭ তলা ভাড়া বাসার ৪ তলার একটি রুমের জানালার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
নিহত সামিয়া নিঝুম পাবনা জেলার চাটমোহর থানাধীন ছোট শালিখা এলাকার মো. আব্দুস সালামের মেয়ে। কুষ্টিয়া মেডিকেল কলেজে পড়ালেখার সুবাধে ওই ভাড়া বাসায় একরুম সাবলেট নিয়ে একাই থাকতেন তিনি।
আরও পড়ুন
বাড়ির দেখভালের দায়িত্বে থাকা রিয়াজ উদ্দিন বলেন, নিহত নিঝুমের বাবা আমাকে মোবাইলে ফোন দিয়ে বলে আংকেল আমার মেয়ে ফোন ধরছেনা একটু দেখেন তো রুমে থাকলে ডেকে দেন। আমি তখন এসে নিঝুমের পাশের রুমের এক মেয়েকে ডেকে নিঝুমের রুমে গিয়ে নক করি যে তোমার বাবা ফোন দিছে ভেতর থেকে কোন সাড়াশব্দ নাই ঘর খোলে না। নিঝুম নিঝুম করে চিল্লায়ে ডাকলাম কোন সাড়াশব্দ নাই, তখনও ওই মেয়ের বাবা আমার মোবাইল ফোনে লাইনে ছিলো। তখন নিঝুমের বাবা বলেন দরজা ভেঙ্গে দেখেন। তখন আমি একজন মিস্ত্রিকে ফোন করি মিস্ত্রি ফোন ধরেনা। শেষে আমি সহ পাশের সাবলেট থাকা মেয়েরা দরজা ভাঙ্গার চেষ্টা করি। উপরে ছিটকানি দেওয়া থাকার কারণে নিচের দরজায় হালকা ফাঁকা হয়ে গেলে আমরা দেখি সে বিছানায় নেই জানালার সাথে ঝুলছে। তখন এখানকার সাবলেট থাকা অন্যান্য মেয়ে ত্রিপল নাইনে ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
পাশের রুমের সাবলেটে থাকা মেডিকেল কলেজের একজন ছাত্রী বলেন, বাড়ির দেখভালের দায়িত্বে থাকা নানা এসে আমাদের নক করে নিঝুম আপুর বাবা ফোন দিয়েছে তার খোজ নেওয়ার জন্য। আমরা নানা সহ নিঝুম আপুর রুমে বেশ কয়েকবার ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ না পেয়ে দরজা খোলার চেষ্টা করি। পরে দরজার কিছুটা ফাঁকা জায়গা দিয়ে গলায় ফাঁস দেওয়া দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। নিঝুম আপু গত জানুয়ারি মাসের ২৫-২৬ তারিখের দিকে আমার পাশের একরুম সাবলেট ভাড়া নিয়েছে। আমাদের সাথে খুব একটা বেশিদিনের পরিচিত না। কোন ঝামেলা কারো সাথে আছে কিনা আমাদের জানা নেই।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার জানান, খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে আত্মহত্যা করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএডি/