যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পাল্টা শুল্ক চুক্তি সই আজ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

জাতীয় নির্বাচনের মাত্র দুই দিন আগে আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত পাল্টা (রেসিপ্রোকাল) শুল্ক-সংক্রান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে অন্তর্বর্তী

2026-02-09T12:26:12+00:00
2026-02-09T12:26:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পাল্টা শুল্ক চুক্তি সই আজ
কমতে পারে শুল্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৬ পিএম 
প্রতীকী ছবি
জাতীয় নির্বাচনের মাত্র দুই দিন আগে আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত পাল্টা (রেসিপ্রোকাল) শুল্ক-সংক্রান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তবে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে রয়েছে। তাদের উপস্থিতিতে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হবেন উপদেষ্টা ও সচিব। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে বাংলাদেশের তৈরি পোশাক দেশটির বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে পারে। একইসঙ্গে বাংলাদেশের ওপর আরোপিত বিদ্যমান ২০ শতাংশ পাল্টা শুল্ক কমতে পারে। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের প্রধান খাদিজা নাজনীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে অবস্থান করছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ঢাকায় বসে ইতিমধ্যেই এ চুক্তিতে সই করেছেন। তার সই করা কপি বাংলাদেশের দলটি ওয়াশিংটনে নিয়ে গেছে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে সই করবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিয়েসন গ্রিয়ার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টার সই করা চুক্তিপত্র হস্তান্তর করবেন এবং ইউএসটিআরের সই করা চুক্তিপত্র গ্রহণ করবেন। 


বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশি পণ্যেও পাল্টা শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে বাংলাদেশি পণ্যকে ২০ শতাংশ পাল্টা শুল্ক দিতে হবে। গত বছর আগস্ট থেকে এ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর শর্ত দিয়েছে। 

বাংলাদেশ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় ৮ বিলিয়ন ডলার রফতানি করে, আর যুক্তরাষ্ট্র বাংলাদেশে রফতানি করে প্রায় ২ বিলিয়ন ডলার। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের গম, ভোজ্য তেল, জ্বালানি, তুলা আমদানির মতো বিষয়ে চুক্তি হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়েও চুক্তি করবে সরকার। এ ছাড়া, অশুল্ক বাধা ও নিরাপত্তার মতো কিছু বিষয় থাকছে চুক্তিতে। 

বাণিজ্য উপদেষ্টা গতকাল রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানির ধারাবাহিকতা ধরে রাখতে বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা খরচ হবে এবং এই টাকা পরিশোধ করতে হবে প্রায় ২০ বছর ধরে।’ 

সংবাদ সম্মেলনে শেখ বশিরউদ্দীন বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রথমে ৪৭টি বিমান কেনার প্রস্তাব দিয়েছিল, সরকার আপাতত ২৫টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকার এই চুক্তিটি সম্পন্ন করছে, যাতে আগামী নির্বাচিত সরকারকে অতিরিক্ত চাপের মুখে কাজ করতে না হয়।’ 

পাল্টা শুল্ক সংক্রান্ত বাণিজ্য চুক্তির শর্ত ও অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য চুক্তি স্বাক্ষরের পর প্রকাশ করা হবে বলেও জানান তিনি। 

এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে দেশটির সঙ্গে চলমান আলোচনার কথাও তুলে ধরেন উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, 'শুরুতে আমাদের রফতানি পণ্যের ওপর ৩৭ শতাংশ  শুল্ক আরোপ করা হয়েছিল, যা আলোচনার মাধ্যমে ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক খাতের পণ্যের শুল্ক শূন্যে নামিয়ে আনার বিষয়টি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিকভাবে একমাত্র বাংলাদেশই ছিল এমন দেশ, যার সঙ্গে হওয়া চুক্তির বিস্তারিত প্রকাশ্যে আনা হয়েছিল—যা আগের আলোচনায় জটিলতা সৃষ্টি করে। চুক্তির বিষয়টি যদি প্রকাশ না পেত, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আরও কম হারে শুল্ক সুবিধা আদায় করা সম্ভব হতো।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   যুক্তরাষ্ট্র  বাংলাদেশ  শুল্ক চুক্তি সই 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: