জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে জামায়াত জোট

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বাংলাদেশে বহুবছর ধরে চলা হাসিনার শাসনামলে বিরোধী দলগুলোর নির্বাচনকালীন সময়ে সরব উপস্থিতি ছিল কম। হয় তারা নির্বাচন বর্জন করত কিংবা

2026-02-09T15:29:54+00:00
2026-02-09T15:29:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে জামায়াত জোট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম 
তারেক রহমান ও শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশে বহুবছর ধরে চলা হাসিনার শাসনামলে বিরোধী দলগুলোর নির্বাচনকালীন সময়ে সরব উপস্থিতি ছিল কম। হয় তারা নির্বাচন বর্জন করত কিংবা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের গ্রেফতারের কারণে কোণঠাসা হয়ে থাকত। তবে, বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) ভোটের আগে পরিস্থিতি ভিন্ন দেখা যাচ্ছে।  

শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। ২০২৪ সালের আন্দোলনে অংশগ্রহণকারী অনেক তরুণ মনে করছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে ২০০৯ সাল থেকে হাসিনার দীর্ঘ শাসনামলের পর প্রথম কোন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী। তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট তাদেরকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কেননা ত্রিশ বছরের কম বয়সী জেন-জি নেতৃবৃন্দের পরিচালিত নতুন রাজনৈতিক দল জামায়াতের সাথে জোট বেধে নির্বাচনে অংশগ্রহণ করছে। হাসিনা বিরোধী আন্দোলনের পর জনসমর্থনকে নির্বাচনি শক্তিতে রূপান্তরে ব্যর্থ হয়ে জেন-জি দলটি এই সিদ্ধান্ত নিয়েছে। 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে বলেন, তার দল ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯২টি আসনে লড়ছে। 

জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে তিনি বলেন, সংসদীয় ব্যবস্থায় সরকার গঠনের জন্যে পর্যাপ্ত এই আসনগুলোতে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। 

বিশ্লেষকদের মতে, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সুষ্ঠু ফলাফলের উপরেই নির্ভর করছে ভঙ্গুর অর্থনীতির ভাগ্য। প্রায় ১৭ কোটি ৫০ লাখ মানুষের এই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি স্পষ্ট গণরায় জরুরি। কেননা হাসিনা সরকারের পতনের পর কয়েক মাসের অস্থিরতায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পোশাক শিল্পে এর প্রভাব পড়েছে। এই পরিস্থিতি কাটাতে একটি শক্তিশালী সরকার প্রয়োজন।

এই নির্বাচনের ফল দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও প্রভাব ফেলবে। বিশেষ করে ভারত ও চীনের প্রভাব বিস্তারের ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের ওপর।

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসি জানান, জরিপে বিএনপি এগিয়ে থাকলেও ভোটারদের বড় একটি অংশ এখনো সিদ্ধান্ত নেননি। 

তিনি বলেন, মোট ভোটারের প্রায় এক-চতুর্থাংশ জেন-জি। তাদের ভোটেই চূড়ান্ত ফলের উপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে সারা দেশের অলিগলি এখন সাদা-কালো পোস্টারে ছেয়ে গেছে। বিএনপির ধানের শীষ ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক চোখে পড়ছে বেশি। অতীতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের যে প্রভাব ছিল, এবার আর তা নেই বললেই চলে।


শেখ হাসিনার ভারতপন্থি নীতির কারণে দীর্ঘদিন ধরেই দিল্লির প্রভাব ছিল বেশি। তবে তার পতনের পর চীনের প্রভাব বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, জামায়াত নেতৃত্বাধীন সরকার গঠিত হলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হতে পারে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

এদিকে বিএনপি বলছে, তারা পররাষ্ট্রনীতি অনুসরণ করে ভারসাম্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। 

কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজের জরিপে বলা হয়, ভোটারদের প্রধান দুশ্চিন্তা হলো দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দেখা গেছে, ভোটাররা ধর্মীয় বিষয় বা প্রতীকের চেয়ে প্রার্থীর যোগ্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, এই জায়গায় জামায়াতের স্বচ্ছ ভাবমূর্তি তাদের জন্য ইতিবাচক হতে পারে।

সরকার গঠনের দৌড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে থাকলেও জামায়াত নেতৃত্বাধীন জোট জিতলে দলটির আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী পদে আসতে পারেন।

প্রথমবার ভোট দিতে যাওয়া ২১ বছর বয়সী মোহাম্মদ রাকিব বলেন, দীর্ঘদিন আমরা মতপ্রকাশের স্বাধীনতা পাইনি। নতুন সরকার যেই আসুক, কথা বলার অধিকার নিশ্চিত হোক আমরা সেটা চাই।  

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   বাংলাদেশ  নির্বাচন  জামায়াত  বিএনপি  রাজনীতি  ভোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: