ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াতের প্রার্থী মো. আতাউর রহমান সরকার। ছবি : সংগৃহীত
আসন্ন নির্বাচনে জয়ী হলে শাসক নয় সেবক হিসেবে কাজ করবে জামায়াত বলে প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক নির্বাচনি গণমিছিল শেষে রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
আতাউর রহমান সরকার বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন হবে দেশ বাঁচানোর নির্বাচন এবং নতুন, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। নির্বাচনে একবারের জন্য জামায়াতকে সরকার গঠনের সুযোগ দিন। আমরা শাসক হিসেবে নয়, আপনাদের সেবক হয়ে সেবা দিতে চাই।
আতাউর রহমান সরকার অভিযোগ করে বলেন, বিগত ৫৪ বছর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা শাসক ছিলেন—খাদেম ছিলেন না। তারা একটি সুন্দর শাসনব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। শাসনব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়ায় দেশের সামাজিক ও প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। সাধারণ মানুষের কোনো প্রকৃত উন্নয়ন হয়নি।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা গত ৫৪ বছরে অনেককেই এমপি বানিয়েছেন এবং তাদের শাসনামল দেখেছেন। এখন মানুষ পরিবর্তন চায়। নতুন করে আর পুরোনোদের দেখার সুযোগ নেই। আমাদের একবার সুযোগ দিন—খাদেম হয়ে আমরা আপনাদের সেবা করব, ইনশাআল্লাহ।
নির্বাচনি গণমিছিলে জামায়াতের প্রার্থী মো. আতাউর রহমান সরকার। ছবি : সময়ের আলো
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইকবাল হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মোবারক হোসেন আখন্দ, কসবা উপজেলা শাখার নায়েবে আমির মো. সিরাজুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জুলফিকার হায়দার রাফি প্রমুখ।
এর আগে পৌর শহরের কলেজ মাঠ থেকে জামায়াতে ইসলামীর একটি বিশাল নির্বাচনি গণমিছিল বের হয়। মিছিলটি সড়ক বাজার প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।