কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা অবগত হয়েছি। যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে, সোমবার দুপুরে আমির হামজার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে দলটির মিডিয়া সেলের আয়োজনে এক সংবাদ সম্মেলন করা হয়।
সেখানে বলা হয়, আমির হামজার নির্বাচনি প্রচারে ব্যবহৃত ব্যানার ও লিফলেটে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও মুদ্রণের তারিখ উল্লেখ নেই—যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-৩ আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, আমরা আচরণবিধি লঙ্ঘনের একাধিক সুস্পষ্ট অভিযোগ দিয়েছি। এর মধ্যে কিছু বিষয়ে প্রতিকার পাওয়া গেলেও বেশ কয়েকটি অভিযোগে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি : সময়ের আলো
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে অভিযোগ এনে জানানো হয়, গত ২৭ জানুয়ারি কুষ্টিয়া সদর আসনের এক ভোটার সৌদি আরব প্রবাসী ফারহান আহমেদ মুকুল নির্ধারিত সময়ে ভোটার নিবন্ধন করতে গিয়ে জানতে পারেন, তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আগেই কেউ নিবন্ধন সম্পন্ন করেছে। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
বিএনপির পক্ষ থেকে আরও দাবি করা হয়, পরদিন আমির হামজার এক উঠান বৈঠকে খাবার বিতরণের অভিযোগ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে জমা দেওয়া হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করা হয়। একই দিনে আলোকসজ্জায় সজ্জিত দাঁড়িপাল্লা ও দাঁড়িপাল্লা সদৃশ বস্তু প্রদর্শনের বিরুদ্ধেও অভিযোগ করা হয়।