লক্ষ্মীপুর-২ রায়পুর (আংশিক সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন প্রচারণার শেষ দিনে রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। অনুষ্ঠানে রায়পুর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইশতেহার ঘোষণাকালে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি আবারও লক্ষ্মীপুর-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।
নির্বাচনী ইশতেহারে তিনি অবকাঠামো উন্নয়ন, চরাঞ্চল রক্ষা, মাদক নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দুর্নীতি দমন, নদীভাঙন রোধ, জলাবদ্ধতা নিরসন, মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, সয়াবিন শিল্পের উন্নয়ন, মজু চৌধুরীর হাট বন্দর আধুনিকায়ন এবং শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
ইশতেহার ঘোষণাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে আবুল খায়ের ভূঁইয়ার হাত ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৭ সমন্বয়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন।
যোগদানকারীরা হলেন, সাব্বির, আল-আমিন, রায়হান, আকাশ, তুহিন, তানজিল ও সিয়াম।
ছাত্রদলে সদ্য যোগদানকৃতদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে বরন করে নেন উপস্থিত নেতৃবৃন্দ।
যোগদানকৃতরা জাতীয়তাবাদের হয়ে রায়পুরের ছাত্রদলকে একটি সুশৃঙ্খল প্ল্যাটফর্মে রুপান্তরিত করে জনকল্যাণমুখী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।