ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর জেলার ভোটকেন্দ্রগুলোকে ঝুঁকির মাত্রা অনুযায়ী শ্রেণীবদ্ধ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৮৪৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৫৭টি কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ, ২৮২টি ঝুঁকিপূর্ণ এবং ৩০৫টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে জেলা পুলিশের বিশেষ শাখার ডিআই ওয়ান শহীদুল ইসলাম জানান, অত্যধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে দিনাজপুর-১ আসনে ৮৬টি, দিনাজপুর-২ আসনে ২২টি, দিনাজপুর-৩ আসনে ১২টি, দিনাজপুর-৪ আসনে ২৫টি, দিনাজপুর-৫ আসনে ৪৬টি এবং দিনাজপুর-৬ আসনে ৬৬টি কেন্দ্র রয়েছে।
তিনি বলেন, ‘ঝুঁকি নির্ধারণের ক্ষেত্রে বেশি ভোটার সংখ্যা, অতীতে অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা, প্রার্থীদের বাড়ি বা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের উপস্থিতি, সীমান্তবর্তী এলাকা এবং জনবহুল অঞ্চলকে বিবেচনায় নেওয়া হয়েছে।’
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, দিনাজপুরের ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এসব ভোটারের জন্য মোট ৮৪৪টি ভোটকেন্দ্র এবং ৪ হাজার ৯৯৩টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।
আসনভিত্তিক হিসাবে দিনাজপুর-১ আসনে ভোটার ৪ লাখ ১৭ হাজার ১৩৩ জন এবং কেন্দ্র ১২৮টি। দিনাজপুর-২ আসনে ভোটার ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন এবং কেন্দ্র ১১৬টি। দিনাজপুর-৩ আসনে ভোটার ৪ লাখ ১৫ হাজার ৬৩৬ জন এবং কেন্দ্র ১৩০টি। দিনাজপুর-৪ আসনে ভোটার ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন এবং কেন্দ্র ১৩০টি। দিনাজপুর-৫ আসনে ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন এবং কেন্দ্র ১৪১টি। দিনাজপুর-৬ আসনে ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন এবং কেন্দ্র ১৯৯টি।
এবার দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১২টি রাজনৈতিক দলের ৩২ জন এবং স্বতন্ত্র ৭ জন প্রার্থী রয়েছেন। দিনাজপুর সদর আসনে ২ জন নারী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
সময়ের আলো/আরবিএন/এনএ