ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, ‘হাঁস’ প্রতীকের পক্ষে কাজ করায় তার নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। একইসঙ্গে জাতীয় পার্টি তাকে নির্বাচনে সমর্থন দিয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে তার নিজ গ্রামে প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তবে কারা এ হুমকি দিচ্ছে, তা তিনি স্পষ্ট করেননি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় পার্টি তাকে নির্বাচনে সমর্থন দিয়েছে। এর আগে, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা গ্রেফতারের হুমকির অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। যদিও তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব, যিনি খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
রুমিন ফারহানা অভিযোগ করেন, তার কর্মীদের রাতে ফোন করা হচ্ছে, বাসায় ডেকে নেওয়া হচ্ছে এবং অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে চাপ দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী পক্ষ কালো টাকা ব্যবহার করতে পারে বলে তার কাছে তথ্য রয়েছে এবং এ বিষয়ে প্রশাসনের নজরদারি চেয়েছেন।
জাতীয় পার্টিতে যোগ দেবেন কি না এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা জানান, এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। তার মতে, ‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেন নির্বাচন পেশিশক্তি, কালো টাকা বা ভয়ভীতি ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন।’
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাষানীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাষানী জানান, জাতীয় পার্টির মহাসচিবের নির্দেশনায় দলটি রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছে।
সময়ের আলো/ আরবিএন