ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত কয়েছেন।
এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুসেন চন্দ্র সরকার বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি চালের আড়তের মালিক ছিলেন। তার বাড়ি ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্রের ওপর হামলা চালায়। এসময় তার মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
একপর্যায়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর দোকানের শাটার খুলে সুসেন চন্দ্রকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সুসেন চন্দ্রকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
নিহত সুসেন চন্দ্রের ছেলে সুজন সরকার বলেন, আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করতেন তিনি। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ঘটনার পর পরিবারের সদস্যরা নিহত সুসেন চন্দ্রকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফআর