হত্যার হুমকির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এসময় কাজী খায়রুজ্জামান শিপন দাবি করেন, তাকে বিদেশি মুঠোফোন নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি গত রোববার দুপুরে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। একইসঙ্গে নিজের পরিবার ও কর্মী-সমর্থকদের নিরাপত্তার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী শিপন বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। গত রোববার বেলা ১১টা ৫ মিনিটে তার নিজ মুঠোফোন নম্বরে কল দিয়ে বড় ক্ষয়ক্ষতি করবে এবং হত্যা করবে বলে হুমকি দেওয়া হয়েছে। পরবর্তী একই নম্বরে কল দিলে গালাগালিসহ আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি আরও বলেন, এর আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা অপরিচিত নাম্বার থেকে আমাকে কয়েকবার হুমকি দিয়েছে। এতে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি।
বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন দাবি করেন, জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করি। তবে সহযোগিতা না পেয়ে একপর্যায়ে নিজের এবং কর্মী-সমর্থকদের জীবন বাঁচাতে নির্বাচন বয়কট করছি।
এফআর