নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তিনি আওয়ামী লীগকে পরাজিত করেই এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে শহরের কানাইখালি এলাকার জেলেপাড়ায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত নির্বাচনি জনসংযোগে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ সময় নিয়ে একজন রাজনীতিবিদকে বিশ্বাস করে। অতীতে নাটোরের জমিদারপুত্র ও রাজনীতিবিদ শংকর গোবিন্দ চৌধুরী মানুষের আস্থা অর্জন করেছিলেন বলেই মানুষ তাকে ভোট দিত। তার মৃত্যুর পর এলাকার রাজনীতিতে পরিবর্তন এসেছে বলেও তিনি মন্তব্য করেন।
পরে সেখানে পৌর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান খোকনের পরিচালনায় একটি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, শেখ এমদাদুল হক আল মামুন, সন্তোষসহ অন্য নেতারা। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচনি কমিটির সদস্য মজিদুল ইসলাম ফারুখ এবং ওয়ার্ড কমিটির সদস্য সচিব বাদশা আলম।
এ সময় অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস বলেন, তারেক রহমানের নেতৃত্বে সব ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ দেশ গঠন সম্ভব। তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সময়ের আলো/আরবিএন