জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মনে করেন, বাংলাদেশ গরিব দেশ নয়। অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণেই দেশের এই পরিণতি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দ্বিভার্ষিক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান পোস্টে বলেন, বাংলাদেশ গরিব দেশ নয়। অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণেই দেশের এই পরিণতি। পরিচ্ছন্ন সরকারব্যবস্থা, যথাযথ জবাবদিহিতা ও আধুনিক ডিজিটাল সিস্টেম চালু করতে পারলে দুর্নীতি রোধ করা সম্ভব এবং চুরি হয়ে যাওয়া জনগণের অর্থ ফিরিয়ে আনা সম্ভব।
তিনি বলেন, যখন জনগণের সম্পদ আমানত হিসেবে সুরক্ষিত থাকে এবং স্বচ্ছভাবে ব্যয় হয়, তখন মানুষের আস্থা ফিরে আসে, আর জাতি আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায়।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে- যা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরো বলেন, ডা. শফিকুর রহমান একজন সৎ, আদর্শবান এবং দেশের সর্বস্তরের জনগণের নিকট একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা। তার বিরুদ্ধে প্রকাশ্যে টাকা প্রদানের যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা রাজনৈতিকভাবে দেউলিয়া ও নৈতিকভাবে পরাজিত শক্তির ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। জনগণের ক্রমবর্ধমান সমর্থনে ভীত হয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, সম্মানিত আমিরসহ জামায়াতে ইসলামীর কোনো নেতার বিরুদ্ধে ছড়ানো কোনো ধরনের মিথ্যাচার, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এবং সংশ্লিষ্ট মহলকে মিথ্যাচার বন্ধ করার আহ্বান জানাচ্ছি।
সময়ের আলো/জেডআই