কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের প্রত্যন্ত টাম্বলার রিজ এলাকায় অবস্থিত টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এক বন্দুকধারীর হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। পরে সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশের বরাতে কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানায়, স্কুল ভবনের ভেতরে ছয়জনের মরদেহ পাওয়া গেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। একই সময় নিকটবর্তী একটি বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, দুটি ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে এবং সেগুলো একই হামলার অংশ।
আরসিএমপি নিশ্চিত করেছে যে, হামলায় একজন বন্দুকধারী জড়িত ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। তাঁকেও ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী সম্ভবত একজন নারী।
হামলায় বহু মানুষ আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বড় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রাণঘাতী নয়—এমন আঘাত নিয়ে অন্তত ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শিক্ষার্থী ও কর্মী উভয়ই রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই স্কুলটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থী ও কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং পরিবারগুলোর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়। পুরো এলাকা নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির পেছনের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। পুলিশ বিস্তারিত তদন্ত চালাচ্ছে এবং শিগগিরই আরও তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে।