ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের পোস্টাল ভোট কার্যক্রম পূর্ণ শক্তিতে চলছে।
নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালটের বড় অংশ ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে এবং রিটার্নিং কর্মকর্তারা তা গ্রহণ করতে শুরু করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে।
এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।
ডাকবাক্সে জমা হয়েছে ৫ লাখ ৭ হাজার ৩২৭টি ব্যালট। এর মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি এবং রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি পোস্টাল ব্যালট।
দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোটেও ব্যাপক সাড়া মিলেছে। বাংলাদেশ পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট।
এর মধ্যে ভোটাররা গ্রহণ করেছেন ৬ লাখ ১০ হাজার ৬৫০টি, ভোট প্রদান সম্পন্ন হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫টি এবং পোস্ট অফিসে জমা পড়েছে ৫ লাখ ৬১ হাজার ১৩৯টি ব্যালট। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি পোস্টাল ব্যালট।
সব মিলিয়ে প্রবাসী ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের সংখ্যা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে প্রায় ৯ লাখ।
সময়ের আলো/এআর