একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশের প্রায় ১৩ কোটি ভোটার সংসদ নির্বাচনের পাশাপাশি একইসঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট দিয়েও মত জানাবেন।
বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) এই ভোটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে রাজধানীসহ সারা দেশে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীও মাঠে রয়েছে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার ভোট প্রদানকে কেন্দ্র করে গুলশান এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
/এমএইচআর