ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ড. আব্দুল মান্নান ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের নিয়ম অনুযায়ী খালি ব্যালট বাক্স দেখানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন শুরুর আগে বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে আমাদের এজেন্টরা উপস্থিত থাকলেও রিটার্নিং বা প্রিসাইডিং কর্মকর্তারা তাদের ব্যালট বাক্স পরীক্ষা করতে দেননি। এটি পরিষ্কার কারচুপির ইঙ্গিত।
এ সময় তিনি এই আসনের ৮০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে সেখানে ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন তিনি।
এর আগে, সকাল সাড়ে ৭টায় কেন্দ্রগুলো ভোটারদের জন্য খুলে দেওয়া হয়। তিনি সকাল ৭টা ৪৫ মিনিটে তার ভোট প্রদান করেন। সকালে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দীর্ঘ লাইন দেখা গেছে।
/ইউএমএইচ