নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনের সময় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিএনপি’র নেতাকর্মীরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক পোস্টে দাবি করেন, বিএনপির সন্ত্রাসীরা আমাকে রড দিয়ে মারছে। আমার ফোন কেড়ে নিচ্ছে। আমাকে মারার ভিডিও ধারণ করেছে, আমার ফোন ভেঙে ফেলেছে। আমার ড্রাইভারকে কয়েকজন মিলে একসঙ্গে মেরেছে। প্রশাসন নিষ্ক্রিয়!
অভিযোগে বলা হয়, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে একদল ব্যক্তি বগিদা, রামদা ও শর্টগান নিয়ে রাস্তায় অবস্থান নেয় এবং হামলা চালায়। এ সময় শ্যামলী সুলতানার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ভিডিও করতে গেলে অন্য একজনের মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মোঃ হাফিজুর রহমান দাবি করেন, অতিদ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
/ইউএমএইচ