রাজধানীর মহাখালীর আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে বৃহস্পতিবার বেলা ঠিক ১১টায় গিয়ে দেখা বেশ জটলা। বেশিরভাগ ব্যক্তির গলায় ধানের শীষের ব্যাজ লাগানো৷ কিন্তু কেন্দ্রের ভেতরে ফাঁকা। কোনো ভিড় নেই। দুয়েকজন ভোটার আসছেন এবং শান্তিপূর্ণ উপায়ে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশে একযোগে চলছে ভোটগ্রহণ। মহাখালীর ওই স্কুলের ভেতর তিনটি কেন্দ্র রয়েছে। মহাখালী মডেল স্কুল, মহাখালী হাইস্কুল কেন্দ্র ও দর্জিবাড়ি প্রাথমিক বিদ্যালয়।
এটি ঢাকা-১৭ আসনের মধ্যে পড়েছে৷ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর ডা. এস এম খালিদুজ্জামান।
দর্জিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সময়ের আলোকে জানান, বেলা ১১টা পর্যন্ত তার কেন্দ্রে ভোট পড়েছে ৪৫০টি৷ এই কেন্দ্রে ভোটার আছে ২১৪২। সাড়ে তিন ঘণ্টায় ২১ শতাংশের মতো ভোট পড়েছে।
তিনি বলেন, আমার কেন্দ্রে প্রায় সবগুলো বড় দলের প্রার্থীর এজেন্ট উপস্থিত আছেন। নিরাপত্তা বেশ জোরদার। আমরা নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট।
এখানে এখনো কোনো প্রার্থী ভোটকেন্দ্র পর্যবেক্ষণে আসেননি। তবে তাদের দায়িত্বশীল প্রতিনিধিরা আসছেন। নির্বাচন পর্যবেক্ষক দলের একটি প্রতিনিধিও আছেন।
ওই কেন্দ্রের দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরাও নিরাপত্তা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন।
বুকে ধানের শীষের গেঞ্জি পরিহিত একজন ব্যক্তি বলেন, ধানের শীষের জোয়ার উঠেছে। এখানে ধানের শীষ প্রতীক পাশ করবে৷ তবে এই কেন্দ্রের সামনে কোথাও দাঁড়িপাল্লা প্রতীকের কাউকে দেখা যায়নি।
সময়ের আলো/এআর