কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১নং কক্ষে বেলা (১২ ফেব্রুয়ারি) ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা জাল ভোট দিতে গেলে বাধা দেওয়ায় জামায়াতের পোলিং এজেন্ট মো. ইয়াছিন মজুমদারকে মারধর করা হয়। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামায়াতের পোলিং এজেন্ট বলেন, বিএনপির নেতাকর্মীরা অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ করে ‘ধানের শীষ’ ও গণভোটের কাগজে ‘না’ তে সীল মারতে থাকে, আমি বাধা দিলে আমাকে টেনেহিঁচড়ে বের করে এনে অতর্কিতভাবে মারধর করে। পরে আমার পাড়া-প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে।
ওই কেন্দ্রের প্রিজাইটিং অফিস নাঙ্গলকোট কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মাহমুদ রেজা বলেন, আমি পাশের একটি কক্ষে ছিলাম, এই সময় কয়েকজন লোক কক্ষে প্রবেশ করে জাল ভোট দেয়। আমি খবর পেয়ে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনীকে অবগত করলে সেনবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রায় ২০ মিনিট কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরবর্তীতে সহকারী রিটার্নিং কর্মকর্তার অনুমতিতে ভোটগ্রহণ শুরু করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন, আমি বিষয়টি জেনেছি, খবর নিয়ে দেখছি।
সময়ের আলো/আরবিএন