গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা আব্দুল জোব্বার হাউলিদার (৯৭) বয়সের ভারে ন্যুব্জ হলেও দায়িত্ববোধে অটুট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে তিনি সকাল ৭টা ৩৫ মিনিটে হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে উপস্থিত হন। তাঁর উপস্থিতি যেন মনে করিয়ে দেয় গণতন্ত্র শুধু তরুণদের উচ্ছ্বাস নয়, প্রবীণদের বিশ্বাসও।
ভোটকেন্দ্রের ভিড় ও কোলাহলের মাঝেও তাঁর চোখে ছিল শান্ত তৃপ্তির ছাপ। স্বাধীনতার পর থেকে বহু নির্বাচন দেখেছেন তিনি। সময় বদলেছে, মানুষ বদলেছে; কিন্তু ভোট দেওয়ার আগ্রহ বদলায়নি কখনও।
ভোট দিয়ে বেরিয়ে আব্দুল জোব্বার বলেন, ভোট দেওয়া আমার অধিকার, আমার দায়িত্ব। যতদিন বেঁচে আছি, ততদিন এ দায়িত্ব পালন করে যেতে চাই।
কেন্দ্রে উপস্থিত গ্রামবাসী ও তরুণ ভোটাররা তাঁকে সহায়তা করেন। কেউ হাত ধরে, কেউ হুইলচেয়ার ঠেলে, কেউ পাশে দাঁড়িয়ে সম্মান জানান। সেই মুহূর্তে প্রজন্মের ব্যবধান যেন মিলিয়ে যায়; সবাই একসঙ্গে দাঁড়ায় একটি স্বপ্নের পাশে, একটি দেশের ভবিষ্যতের পাশে।
আব্দুল জোব্বার হাউলিদারের এই অংশগ্রহণ প্রমাণ করে, বয়স যতই হোক না কেন, গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ও দায়িত্ববোধ অটুট থাকে। তাঁর উপস্থিতি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
সময়ের আলো/আরবিএন