কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫টি বসতি ও ১টি এনজিও অফিস আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে উখিয়া উপজেলার বালুখালীস্থ ক্যাম্প ১১ তে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন বলেন, মধ্যরাত ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার সংবাদ পায়। দ্রুত উখিয়া থেকে ৩টি ইউনিট আগুন নেভাতে কাজে যোগ দেয়। এছাড়াও কক্সবাজার ও রামু থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। সবমিলিয়ে ৬টি ইউনিয়ন ২ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড ক্যাম্প ১১-এর ২৫টি বসতি ও একটি এনজিও অফিস পুড়েছে। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
/ইউএমএইচ