মাদারীপুর-১ (শিবচর) আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী মজলিস মনোনীত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফল অনুযায়ী, মাদারীপুর-১ সংসদীয় আসন এর ১০২টি কেন্দ্র ও প্রবাসী ভোট মিলিয়ে হানজালা পান ৬৪,৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাদিরা আক্তার পান ৬৪,৫২৪ ভোট।
ফল ঘোষণার শুরু থেকে দুই প্রার্থীর মধ্যে ছিল টানটান লড়াই; কখনো এগিয়ে ছিলেন হানজালা, আবার কখনো লিড নেন নাদিরা আক্তার। এতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়।
স্থানীয়দের মতে, শিবচরের রাজনৈতিক ইতিহাসে এত কম ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনা বিরল।
৯৮টি কেন্দ্রের ফল ঘোষণার পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সাময়িকভাবে ফল প্রকাশ স্থগিত রাখে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
নাটকীয় এই ভোটযুদ্ধ শিবচরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সময়ের আলো/আরবিএন