মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপি কর্মীদের হামলায় তিনজন জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া বাজারের একটি চায়ের দোকানে এ সহিংসতার ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন উজ্জ্বল হোসেন (৩০), তার ভাই মাসুদ (৪৫) ও জুয়েল (২৮)।
গুরুতর আহত উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, এবং অন্য দুইজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত উজ্জ্বল হোসেন জানিয়েছেন, তারা সবাই বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের কর্মী। নির্বাচনে তাদের সংযুক্ত কার্যক্রমকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা ব্যবহার করে হামলা চালায় বিএনপি কর্মী মহিবুল ও তার ছেলে রিপন এবং বেলু সাহেব।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
গাংনী উপজেলা জামায়াতে ইসলামী মিডিয়া সেলের প্রধান মাহাবুব জানান, মধ্যরাতে বিএনপি কর্মীরা সরকার গঠনের নিশ্চয়তা পাওয়ার পর বিভিন্ন স্থানে জামায়াতের লোকজনকে হুমকি দিয়েছে, যা জোড়পুকুরিয়া বাজারে সহিংসতার আকার নেয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আরবিএন