পারলেন না আলোচিত প্রার্থী তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে বেশির ভাগ আসনের ফলাফলও প্রকাশিত হচ্ছে। এবারের নির্বাচনে প্রচারের আগে-পরে মিলিয়ে সামাজিক

2026-02-13T17:38:41+00:00
2026-02-13T17:38:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
পারলেন না আলোচিত প্রার্থী তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম 
এনসিপি ছেড়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারা। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে বেশির ভাগ আসনের ফলাফলও প্রকাশিত হচ্ছে। এবারের নির্বাচনে প্রচারের আগে-পরে মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মাঠপর্যায়ের সমাবেশ সবখানেই আলোচনার কেন্দ্রে ছিলেন বেশ কয়েকজন প্রার্থী। এর মধ্যে অন্যতম ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারা। 

সোশ্যাল মিডিয়ার পরিচিত এ মুখ প্রার্থী হিসেবে জোরালো আলোচনায় থাকলেও ভোটের ফলাফলে তৃতীয় হয়েছেন। ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪টি। 

পরিচ্ছন্ন রাজনীতির বার্তা আর সাবলীল প্রচারের কারণে নির্বাচনে আলোচনায় ছিলেন এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা। তবে, এর আগে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট তৈরি করে জনপ্রিয় ছিলেন তিনি। 

পেশায় চিকিৎসক তাসনিম জারা  জুলাই-আগস্ট আন্দোলনের পর যোগ দেন এনসিপিতে। ঢাকা-৯ আসন থেকে দলটির মনোনয়নও পান। তবে, এনসিপির জামায়াত জোটে যাওয়ার সিদ্ধান্তের পর দল থেকে বের হয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন। 


নির্বাচনে অংশ নেওয়ার পর তাসনিম জারা নতুনভাবে আলোচনায় আসেন দুই দিনে পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে। নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে তার আসনের ১ শতাংশ ভোটারের সমর্থন দেখাতে এই স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হয়। তবে, আলোচনা যতটা ছিল, ব্যালটে ততটা সুবিধা করতে পারেননি তাসনিম জারা। বেসরকারি ফলাফলে ওই আসনে তৃতীয় হয়েছেন তিনি। 

রিটার্নিং কর্মকর্তা, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ঘোষিত ফল অনুযায়ী, তাসনিম জারা যে দল ছেড়ে এসেছেন, সেই এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া হয়েছেন দ্বিতীয়। জামায়াত জোটের শাপলা কলির এ প্রার্থী পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। আর এক লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ের হাসি ফুটেছে ধানের শীষের হাবিবুর রশিদ হাবিবের মুখে। আর তৃতীয় হয়েছেন তাসনিম জারা। ঢাকা-৯ আসন সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। 

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির যোগদানের প্রশ্নে গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ১ শতাংশ ভোটারের তালিকা নিয়ে গড়মিলের কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিলে গিয়ে ১০ জানুয়ারি নিজের পক্ষে রায় পান তাসনিম জারা। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নির্বাচন  আলোচিত প্রার্থী  তাসনিম জারা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: