ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ হতে পারে। এরপর তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠানের আয়োজন করবে সংসদ সচিবালয়।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকার অথবা তার মনোনীত ব্যক্তি এমপিদের শপথ পড়াবেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৩) দফার অধীন অনুষ্ঠিত সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার তারিখ থেকে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করতে ব্যর্থ হলে বা না করলে, প্রধান নির্বাচন কমিশনার এর পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই এর জন্য নির্দিষ্ট ব্যক্তি।
সংসদ সচিবালয় সূত্র জানা গেছে, তারা আগামী রোববার থেকে আগামী মঙ্গলবার যে কোনোদিন এমপিদের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি রেখেছেন। তবে, যেহেতু স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার জেলে তাই সংবিধান অনুযায়ী গেজেটের তিন দিন পর সিইসি এমপিদের শপথ পড়াবেন।
সময়ের আলো/এনএ