প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ পিএম
সংবাদ সম্মেলন করছে মো. আব্দুর রহিম সরকার। ছবি : সময়ের আলো গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফল স্থগিত করার এবং পাঁচটি কেন্দ্রে পুনঃভোট গ্রহণসহ সব কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুর রহিম সরকার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা জেলা শহরের দারুল আমান ট্রাস্ট কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণ ও গণনার সময় ব্যাপক অনিয়ম হয়েছে। তার পোলিং এজেন্টদের কয়েকটি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ওই কেন্দ্রগুলোতে প্রতিদ্বন্দ্বী দল বিএনপি সমর্থিত নেতাকর্মীরা জোরপূর্বক ব্যালট পেপার নিয়ে ধানের শীষ প্রতীকে সিল দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিরাডাঙ্গা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোচারশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দামগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই পাঁচটি কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। এছাড়া গণনার সময়ও কিছু কেন্দ্রে প্রকৃত ভোটের তুলনায় বেশি ভোট দেখানো হয়েছে এবং ব্যালট বান্ডেল পরিবর্তন করে ফলাফল প্রভাবিত করা হয়েছে।
অভিযোগের সঙ্গে স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য আছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে আব্দুর রহিম সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, ঘোষিত ফলাফল স্থগিত করে উল্লিখিত পাঁচটি কেন্দ্রে পুনঃভোট নেওয়া হোক এবং অবশিষ্ট সব কেন্দ্রের ভোট পুনর্গণনা করা হোক।
এছাড়া সেখানে উপস্থিত ছিলেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গাইবান্ধার বিভিন্ন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।
সময়ের আলো/আরবিএন