ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন মো. আনিসুজ্জামান খান বাবু। তিনি ওই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ছিলেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে আনিসুজ্জামান খান বাবু অভিযোগ করেন, কমপক্ষে ৩০টি কেন্দ্রে ভোট শুরুর আগেই তার ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কাছ থেকে প্রিসাইডিং কর্মকর্তারা স্বাক্ষর নিয়েছেন, যা ভোট কারচুপির উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ভোটের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ ধরনের অনিয়মের তথ্য পান এবং কয়েকটি কেন্দ্রে অগ্রিম ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার বিষয়টিও তার নজরে আসে।
তিনি আরও অভিযোগ করেন, বেলা দুইটার পর নিরাপত্তার দায়িত্বে থাকা কিছু সদস্য তার সমর্থক, ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে মারমুখী আচরণ করেন।
এসব অনিয়মের মাধ্যমে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ করে তাকে পরাজিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বিএনপি প্রার্থীর দাবি, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে তদন্ত করতে হবে এবং ঘোষিত ফলাফল বাতিল করে গাইবান্ধা-২ আসনের সব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদসহ স্থানীয় নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরবিএন