চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মেখল গ্রামের চাঁদ গাজী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে ওই বাড়ির আবদুল কাইয়ুমের রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশে পাশের লোকজন ছুটে এসে চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের দল এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনী আসার আগেই আবদুল কাইয়ুম ও বেলালের বসত ঘর পুড়ে যায় ছাই হয়ে যায়।
আবদুল কাইয়ুম বলেন, অগ্নিকাণ্ডে আমাদের অন্তত ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা দুই ভাই এখন নিঃস্ব হয়ে গেছি।
মেখল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ বলেন, পরিবার দুটি অসচ্ছল। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা করব।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
এদিকে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাহেদ আরমান ঘটনাস্থল পরিদর্শন করে দুই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ জরুরী ত্রাণ সামগ্রী ও ৪পিস কম্বল, ২ বান্ডিল করে ঢেউটিন, ও নগদ ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোআই