নিজের নির্বাচনি ব্যানার-ফেস্টুন খুলতে রাস্তায় নেমেছেন ঢাকা-৯ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকার মাদারটেক এলাকায় তাকে নেতাকর্মীদের সঙ্গে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড নামানোর কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাবিবুর রশিদ বলেন, ‘সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ও আন্তরিক অনুরোধ—নিজ নিজ এলাকার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সহযোগিতা করুন। পরিষ্কার-পরিচ্ছন্ন শহর আমাদের সবার দায়িত্ব।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন।
সময়ের আলো/কেএইচও