গাজীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা দলের সঙ্গে বেঈমানি করে ভোট দেয়নি, তাদেরকে চিহ্নিত করে রাজপথে বিচার করা হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় এক গণসংবর্ধনা এ কথা বলেন তিনি।
এ সময় হুঁশিয়ারি দিয়ে মজিবুর রহমান বলেন, শুধু বিচার করলে হবে না, যাদের দলীয় পদ-পদবি আছে— তাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে।
এর আগে, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খানের সভাপতিত্বে বিজয়ী মঞ্চে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত বিজয়ী প্রার্থী মজিবুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সায়্যেদুল আলম বাবুল, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল, বিএনপি উপজেলা সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এফআর