দীর্ঘদিন ধরে দেশে বৃষ্টির দেখা নেই। শীতের বিদায় আর বসন্তের আগমনে সাধারণত প্রকৃতিতে বৃষ্টির ছোঁয়া লাগে, তবে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর আর কোথাও বৃষ্টি হয়নি। আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা (৫ দিন) পর্যন্ত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্তও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। এদিনও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ভোরে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা দিতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে।
বুধবারও একই আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে পরবর্তী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
/ইউএমএইচ