প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৪ পিএম আপডেট: ১৫.০২.২০২৬ ২:০৪ পিএম
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবিঢাকা-৮ আসনের শপথ স্থগিত রাখার আবেদন করেছেন ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলির প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
ভোটে কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বরাবর গতকাল (শনিবার) নাসীরুদ্দীন পাটওয়ারীর লেখা আবেদনটি তার পক্ষে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসিতে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।
আবেদনে নাসিরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় ১২টি কেন্দ্রের অনিয়মের তথ্য তুলে ধরেন।
আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার নেতা-কর্মী, এজেন্ট, পরিবারের সদস্য কর্তৃক ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করাসহ নানাবিধ নির্বাচনী অনিয়মের আশ্রয় নেয় এবং এক পর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইজিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসার নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়ে এবং ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে আমাকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করেন।
আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছে, ‘সিদ্ধান্তের বিরুদ্ধে আমি এই দরখাস্তের মাধ্যমে কারচুপি ও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনছি এবং আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
/এমএইচআর