পর্দায় তিনি আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস। কিন্তু ক্যামেরার সামনে বসে যখন মাতৃত্বের গল্প বললেন, তখন চোখের জল লুকোতে পারলেন না ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী।
সম্প্রতি উপস্থাপক রুম্মান খানের পডকাস্টে অতিথি হয়ে নিজের জীবনের কঠিন এক অধ্যায় তুলে ধরেন বুবলী। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার ছেলে শেহজাদ খান বীরের জন্ম ও সেই সময়ের মানসিক লড়াই।
২০২০ সাল- বিশ্বজুড়ে করোনা মহামারির ভয়াবহ সময়। সে সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একা, অন্তঃসত্ত্বা অবস্থায় দিন কাটাচ্ছিলেন বুবলী। তিনি বলেন, ‘সেটা ছিল আমার পুনর্জন্মের সময়। মা হওয়ার যাত্রা কেমন, তা তখনো বুঝিনি।’
মহামারির অনিশ্চয়তা, ভীতি আর একাকীত্ব- সব মিলিয়ে সময়টা ছিল মানসিকভাবে চ্যালেঞ্জিং। স্মৃতিচারণ করতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে তার; একপর্যায়ে চোখের জলও আটকে রাখতে পারেননি।
আবেগঘন মুহূর্তে নিজের মায়ের কথাও তুলে আনেন এই অভিনেত্রী। তার ভাষায়, পৃথিবীতে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন মাকে। ছোটবেলায় মা শাসন করে বলতেন, ‘মা হলে বুঝবি।’ আজ সন্তানের মা হয়ে সেই কথার গভীরতা উপলব্ধি করছেন তিনি।
আরও পড়ুন
২০২০ সালের ২১ মার্চ নিউইয়র্কের লং আইল্যান্ড জিউস মেডিকেল হাসপাতালে জন্ম নেয় তার ছেলে। সন্তানের জন্ম তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে জানান বুবলী।
পডকাস্টে শুধু ব্যক্তিগত জীবন নয়, ক্যারিয়ার নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। শোবিজে পরিবারের অমতে পথচলা শুরু করলেও নবাগত হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পাওয়া তাকে বড় আত্মবিশ্বাস দিয়েছিল।
তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ কিছু সম্মাননা পাওয়ার আশ্বাস পেয়ে শেষ পর্যন্ত না পাওয়ার আক্ষেপও ব্যক্ত করেন বুবলী। তার মতে, ‘এটাই জীবনের অংশ।’
ব্যক্তিগত জীবনে নানা টানাপড়েন থাকলেও বর্তমানে কাজ ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। অভিনয়জীবনে এখন পর্যন্ত ২১টি সিনেমা মুক্তি পেয়েছে তার- যা কাকতালীয়ভাবে সন্তানের জন্মতারিখের সঙ্গেও মিল রয়েছে।
এএডি/