পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয়জন সংসদ সদস্য পদপ্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল খালেক, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু, বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী এবং গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাবনা-৩ আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪টি। এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৮১১টি, যা মোট ভোটের ৭০.২২ শতাংশ। এই ভোটের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩৮ হাজার ২৭ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ১ হাজার ৭২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল খালেক পেয়েছেন ১ হাজার ৭৬৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪২০ ভোট এবং গণফোরামের সরদার আশা পারভেজ পেয়েছেন ১৭৩ ভোট।
নির্বাচনি নীতিমালা অনুযায়ী, জামানতের টাকা ফেরত পেতে হলে মোট প্রদত্ত ভোটের অষ্টমাংশ বা ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। কিন্তু ছয়জন প্রার্থীর প্রাপ্ত ভোট এই নির্ধারিত মাত্রার অনেক কম হওয়ায় তাদের সকলের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
সময়ের আলো/আরবিএন