দলীয় স্বার্থে বিবৃতি দিয়েছেন জাকসুর জিএস, দাবি ভিপি জিতুর

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, পোলিং এজেন্ট ও নেতাকর্মীদের ওপর

2026-02-15T21:46:07+00:00
2026-02-15T21:46:07+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
দলীয় স্বার্থে বিবৃতি দিয়েছেন জাকসুর জিএস, দাবি ভিপি জিতুর
জাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম 
দলীয় স্বার্থে বিবৃতি দিয়েছেন জাকসুর জিএস, দাবি ভিপি জিতুর
জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, পোলিং এজেন্ট ও নেতাকর্মীদের ওপর হামলা, দমন-পীড়ন ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যম ও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, নির্বাচন-পরবর্তী সময়ে রংপুরে সাতটি, পঞ্চগড়ে ৩০টির বেশি এবং কুড়িগ্রামে অন্তত চারটি হামলার ঘটনা ঘটেছে।

এ ছাড়া ঝিনাইদহ, কুষ্টিয়া, বাগেরহাট, দিনাজপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগ উঠেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে দাবি করা হয়, জামায়াত, এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মী, সমর্থক ও পোলিং এজেন্টদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নোয়াখালীর হাতিয়ায় ভোট প্রদানকে কেন্দ্র করে এক গৃহবধূকে তার সন্তানদের সামনে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। 

আরও বলা হয়, নির্বাচন-পরবর্তী এসব ঘটনা আমাদের পুরনো রাজনৈতিক চর্চার কথা মনে করিয়ে দেয়। নতুন রাজনৈতিক দল ক্ষমতায় বসার আগেই এমন সহিংসতার মাত্রা আমরা হুমকি হিসেবে দেখছি। তবে এ বিবৃতিতে স্বাক্ষর করেননি জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। তিনি বিবৃতিটিকে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন।


এ বিষয়ে জিতু বলেন, এটি সম্পূর্ণ একপাক্ষিক বিবৃতি। এতে আমার সম্মতি ছিল না। জাকসু একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, কিন্তু জিএসের এমন কার্যক্রম দলীয় স্বার্থ হাসিলের উদ্দেশে করা হতে পারে।

তিনি আরও বলেন, নোয়াখালীর ধর্ষণের অভিযোগের বিষয়টি এখনো অমীমাংসিত। জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, এ ধরনের বিবৃতি দেওয়ার ক্ষেত্রে জিএস ভিপির মতামত উপেক্ষা করতে পারেন না।

অন্যদিকে, অভিযোগ নাকচ করেছেন জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিবৃতিটি কোনোভাবেই একপাক্ষিক নয়। সেখানে সব রাজনৈতিক দলকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। ভিপির ভিন্নমত থাকতে পারে, তবে জাকসুর অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতেই বিবৃতি দেওয়া হয়েছে।

এদিকে ছাত্রদল-সমর্থিত প্যানেলের ৩৬ জন হল সংসদ নেতা জাকসুর সাংগঠনিক পদ ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টার নিন্দা জানিয়েছেন।

প্রসঙ্গত, ভিপি জিতু গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। অপরদিকে জিএস মাজহারুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সময়ের আলো/জোআই
  বিষয়:   বিবৃতি  জাকসু  জিএস  দাবি  ভিপি  জিতু 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: