দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং সাধারণ মানুষের ওপর সহিংসতার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে নিজ দলের ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জিরো টলারেন্স ঘোষণার প্রতিফলন ঘটিয়ে এই সাহসী পদক্ষেপ নিয়েছেন স্থানীয় নেতারা।
শনিবার সন্ধ্যায় এবং রোববার সকালে রামগতি থানায় পৃথক দুটি এজাহার দায়ের করা হয়। এতে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বাদী হিসেবে মামলাগুলো করেছেন রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিন উল্লাহ ইরাজ।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, মামলার পর অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বলেন, তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজি বা বিশৃঙ্খলা করলে তাকে ছাড় দেওয়া হবে না। বিবাদীরা দলীয় পরিচয়ে এলাকায় অপকর্ম করে দলের সুনাম ক্ষুণ্ন করছিল। তাই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।
সময়ের আলো/এআর