নির্বাচনে বড় জয় পাওয়ার পর সমমনা ও ভিন্নধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে তার।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন তারেক রহমান।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময়ই এ সাক্ষাতের মূল উদ্দেশ্য। এর আগে রোববার তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় যান। সেখানে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। একই দিনে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়ও যান।
আরও পড়ুন
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের তিনটি আসনসহ মোট আসনসংখ্যা দাঁড়ায় ২১২। দীর্ঘ সময় পর এমন বড় জয় দলটির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।
এই বিজয়ের পর বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে তারেক রহমানকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক অভিনন্দন বার্তায় গণরায়ের প্রতি সম্মান জানিয়ে একে গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
এএডি/