নিহতরা হলেন—সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), তাদের স্কুলপড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার। দুর্ঘটনায় একই গাড়ির চালক মো. জিলানী বাবর (৩০) মারা যান।
এ ঘটনায় মিজানের মেজো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের ওশিম উদ্দিন বেপারী বাড়ির শহীদ উল্যার ছেলে। তার মেয়ে মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। নিহত চালক জিলানী বাবর একই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল হোসেন পাটওয়ারীর ছেলে।
নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম জানান, গত ৩ ফেব্রুয়ারি মিজান তার স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান মিজানুর রহমান মিজান। ওমরাহ শেষে বাসায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পেয়েছি। এটি অত্যন্ত মর্মান্তিক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
সময়ের আলো/কেএইচও