চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণে দুইজন নিহত হওয়ার ঘটনায় জেলা যুবলীগের সহ-সভাপতি মো. শরিফ উদ্দিন ওরফে দুলালকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত দুলাল চরবাগডাঙ্গা ফাটাপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, শরিফ উদ্দিন দুলালকে গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা তৈরি করার সময় বিস্ফোরণে দুই যুবক নিহত এবং তিনজন আহত হন। এই ঘটনায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
এফআর