প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২০ এএম আপডেট: ১৭.০২.২০২৬ ৩:৪০ এএম
ফাইল ছবিরাজধানীর চানখারপুল এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে ছিটকে গিয়ে নাজমুল ইসলাম (২৬) নামে এক ছাত্র আহত হয়েছে। তিনি পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চানঁখারপুল মোড় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ঘটনাটি ঘটে। এতে তার বাম কাঁধের হাড় ভেঙে যায়।
তাকে হাসপাতালে নিয়ে আসা মনির হোসেন জানান, তাদের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। নাজমুল পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে মাস্টার্সের ছাত্র। পাশাপাশি ছোট বাচ্চাদের তৈরি পোশাকের ব্যবসা রয়েছে। আজকেই মাল কিনতে ঢাকায় আসে নাজমুল। রাতে রিকশাযোগে দুইজন বাবুবাজার থেকে গুলিস্তান যাচ্ছিল।
তিনি আরও জানান, তাদের রিকশাটি চানখারপুল বার্ন ইনস্টিটিউটের কোনায় আসলে একটি মোটরসাইকেলে দুজন ছিনতাইকারী চলন্ত রিকশা থেকে নাজমুলের কাঁধে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে নাজমুল রিকশা থেকে ছিটকে গিয়ে আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত নাজমুলের বাম কাঁধের হাড় ভেঙে গেছে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাট শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
/এমএইচআর