গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী গণপরিবহনে ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার ওয়ালটন কারখানার সামনে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী নিউ পিংকি গণপরিবহনের একটি বাস যাত্রী নিয়ে গাবতলী থেকে ছেড়ে আসে। ওই গণপরিবহনে ডাকাতির জন্য একটি দল প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার অপারেশন ওসি রবিউল ইসলাম তাৎক্ষণিক এস আই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পাঠায়। পুলিশ সদস্যরা দ্রুত চন্দ্রা ওয়াল্টনের সামনে পৌঁছায়।
এ সময় বাসটিকে থামানোর সিগনাল দিলে এটি সড়কের পাশে থেমে যায়। পুলিশ সদস্যরা দ্রুত বাসে তল্লাশি চালায়। এ সময় একজনকে সন্দেহ হলে তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর দেশীয় ছয়টি চাকু জব্দ করা হয়। পরে বাস থেকে রাজু রহমান, শরীফুজ্জামান, আলম, রাফি, মিলন, সাইফুলসহ ৬ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
কালিয়াকৈর থানার অপারেশন ওসি রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে গণপরিবহনটি তল্লাশি চালিয়ে ছয় ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ডাকাতির মামলা প্রক্রিয়াধীন।
/এমএইচআর