বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মাত্র তিন বছরের ব্যবধানে তিনটি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়ালেন তিনি।
সাধারণত একজন রাষ্ট্রপতি তার মেয়াদে এক বা দুবার মন্ত্রিসভার শপথ পড়ান, কিন্তু তিন বছরে তিনটি আলাদা সরকারের শপথ পড়ানোর মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ালেন তিনি।
২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সরকারেরও শপথ পাঠ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এর আগে একই বছরের শুরুতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শপথও পাঠ করান তিনি। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।
এদিকে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে দলটি। বিএনপি সরকারের মন্ত্রিসভায় আছেন ৫০ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী (তিনজন টেকনোক্র্যাট) ও ২৪ জন প্রতিমন্ত্রী।
এবারের মন্ত্রিসভায় নতুন মুখ আছে অনেক, যারা আগে কখনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া নেতাও আছেন।
সময়ের আলো/এআর