পাল্লেকেলেতে বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ম্যাচ। এক পয়েন্ট পাওয়ায় সুপার এইট নিশ্চিত হয়ে গেছে জিম্বাবুয়ের। এদিকে কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার। গ্রুপ পর্ব থেকেই চলতি বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে অস্ট্রেলিয়া।
বি গ্রুপ থেকে শ্রীলঙ্কার সঙ্গে সুপার এইটে নাম লেখালো জিম্বাবুয়ে।
পাল্লেকেলেতে বৃষ্টির কারণে আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ে ম্যাচে টস করাও সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে।
বি-গ্রুপে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে আগেই সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। টানা দুই জয়ের পর একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পয়েন্ট নিয়ে (মোট ৫ পয়েন্ট) জিম্বাবুয়েরও সুপার এইট নিশ্চিত এখন।
তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট মাত্র ২। ফলে শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলেও ৪ পয়েন্টের বেশি হবে না অজিদের। সেই হিসেবে আগেভাগেই বিদায় হয়ে গেছে সাবেক চ্যাম্পিয়নদের। বিদায় নিশ্চিত ৩ পয়েন্ট পাওয়া আয়ারল্যান্ডেরও।
সময়ের আলো/এআর