নববধূর সঙ্গে অভিমান করে নাটোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পা হারিয়েছেন নাইম হোসেন (৩৫) নামে এক প্রাইভেটকার চালক।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের তেবাড়িয়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে কাটা পরে তার একটি পা এবং মাথায় ও চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা গুরুতর অবস্থায় প্রথমে তাকে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সে নাটোর সুগারমিলস লেঙ্গুরিয়া বিহারি পাড়ার বাসিন্দা এবং হাবীব আহদের ছেলে।
রেলওয়ের ষ্টেশন মাষ্টার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে খুলা থেকে ছেড়ে আসা চিলাহাটির রূপসা এক্সপ্রেস নাটোর তেবারিয়া স্টেশনে পৌঁছা মাত্র নাইম হোসেন ট্রেনের নিচে ঝাঁপ দেন।
আহত নাইমের দুলা ভাই বলেন, প্রায় এক মাস আগে তার শ্যালক পছন্দ করে রাজশাহী পুঠিয়া দূর্গাপুর বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীর চলা-ফেরা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। তাই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার অবস্থা গুরুতর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা বোর্ড করে চিকিৎসা করবেন।
ষ্টেশন মাষ্টার শামীম হোসেন নাইমের আত্মহত্যার চেষ্টার বিষয়টি নিশ্চিত করেন।
সময়ের আলো/জোই