নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর দাফতরিক কার্যালয়। মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলা ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। এ ছাড়া সম্মেলন কক্ষসহ অন্যান্য কক্ষও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
আসবাবপত্র ঝাড়াই-বাছাই, নথিপত্র গুছিয়ে রাখা ও প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষার কাজও চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিয়মিত দাফতরিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন।
সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।
মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সময়ের আলো/এআর