দীর্ঘ তিন যুগের অবসান ঘটিয়ে অবশেষে মন্ত্রী পেল বরিশাল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) থেকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। এতে করে আনন্দ ও উচ্ছ্বাস করেছেন বরিশাল জেলার বাসিন্দারা।
এখানকার সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বরিশাল সব সময় অবহেলিত জনপদ। আওয়ামী লীগ শাসনামলে বরিশাল থেকে শুধু মাত্র প্রতিমন্ত্রী দেওয়া হয়েছিল, তবে এবার পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়ায় আমরা আনন্দিত।
গৌরনদী উপজেলার সরিকলের বাসিন্দা জহির উদ্দিন স্বপন এবারের নির্বাচনে ১ লক্ষ ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু বলেন, ‘১৯৭২ সালে প্রথম মন্ত্রী পায় বরিশাল। ১৯৮৬ সালে সবশেষ পূর্ণ মন্ত্রী পায় বরিশালবাসী। এরপর বরিশালে আর কোনো পূর্ণ মন্ত্রী পদে কেউ শপথ গ্রহণ করেনি। তিনযুগ পর বরিশালে বিএনপি সরকার থেকেই পূর্ণ মন্ত্রী পেয়ে আমরা আনন্দিত।’
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিণ বলেন, ‘এটি অবশ্যই আমাদের জন্য আনন্দের খবর। বরিশাল অঞ্চলে এমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রী পাওয়ায় আমরা বিএনপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ। সামনে আমরা আরও কিছু মন্ত্রণালয় পাব আশা করছি।’
সময়ের আলো/কেএইচও