প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম কার্যদিবস শুরু করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাভারে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় তারেক রহমান কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানো শেষে তিনি নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন নবাগত প্রধানমন্ত্রী। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে সই করেন তিনি। সেইসঙ্গে প্রচলন মেনে স্মৃতিসৌধ প্রাঙ্গনে বৃক্ষরোপণও করেন তারেক রহমান।
এর আগে সকাল ১০টায় সাভারের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা।
তাদের সফর ঘিরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিতে গত রোববার থেকেই সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সেই সঙ্গে স্মৃতিসৌধ এলাকা ঘিরে মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।
বিএনপি সূত্রে জানা যায়, দুপুরে ঢাকার জিয়া উদ্যানে প্রয়াত প্রেসিডেন্ট ও বাবা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও মা খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান।
/এমএইচআর